সিলেট |
প্রকাশিত: 2:11 PM, April 11, 2021
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত পরিসরে ওমরাহ ব্যবস্থাপনা চালু রেখেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা অনুমতি সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। আর অনুমোদন ছাড়া কেউ ওমরাহ পালন করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা) জরিমান দিতে হবে।বিবৃতিতে আরও জানান হয়, মহামারি শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত এই ব্যবস্থাপনা চালু থাকবে।
সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে।
আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।