বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার কাউন্টডাউন শুরু, জেনে নিন সূচি

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার কাউন্টডাউন শুরু, জেনে নিন সূচি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি। বিশ্বেব্যাপী ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন কোন কোন তারকা শেষ পর্যন্ত জায়গা পাচ্ছেন ফুটবলের সবচেয়ে বড় আসরের চূড়ান্ত দলে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপ আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

 

বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা, খেলোয়াড় ছাড়পত্র এবংচূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার গুরুত্বপূর্ণ সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সে অনুযায়ী আগামীকাল সোমবার প্রাথমিক দল জমার শেষ সময়।

 

অংশগ্রহণকারী সব দেশকে নির্ধারিত সময়ের মধ্যে ফিফার কাছে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। প্রতিটি দল ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের নাম দিতে পারবে, যার মধ্যে অন্তত চারজন গোলরক্ষক থাকতে হবে।

 

এই তালিকাই হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলোয়াড়ভিত্তিক তালিকা। অর্থাৎ, বিশ্বকাপ শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে তার বদলি কেবল এই প্রাথমিক তালিকা থেকেই নেওয়া যাবে। তবে ফিফা এই প্রাথমিক স্কোয়াড প্রকাশ করবে না।

 

এছাড়া প্রতিটি দল সর্বোচ্চ ৭৫ জন কর্মকর্তা নিবন্ধন করতে পারবে। এর মধ্যে কোচ, চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারাও থাকবেন।

 

আগামী ২৫ মে থেকে শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। এ সময়ের মধ্যে ক্লাবগুলোকে খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছেড়ে দিতে হবে। তবে যেসব খেলোয়াড় ইউরোপীয় বা কনকাকাফ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবেন, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। এরপর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ২৫ মে থেকে ১ জুনের মধ্যে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড জমা দিতে হবে। প্রতিটি দল ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, যার মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক থাকতে হবে।

 

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম চালু হওয়া ২৬ সদস্যের স্কোয়াড ব্যবস্থাই এবারও বহাল থাকছে। ফিফার মতে, এতে খেলোয়াড়দের চোট ও অতিরিক্ত ম্যাচের চাপ সামাল দেওয়া সহজ হবে।

 

দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত গুরুতর চোট বা অসুস্থতার কারণে খেলোয়াড় পরিবর্তন করা যাবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক স্কোয়াডে থাকতে হবে।

 

২ জুন ফিফা ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। কোনো দেশ আগে দল ঘোষণা করলেও ফিফার অনুমোদনের পরই তা চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

 

তবে গোলরক্ষকদের ক্ষেত্রে বিশেষ নিয়ম রাখা হয়েছে। গুরুতর চোট বা অসুস্থতার কারণে টুর্নামেন্ট চলাকালেও গোলরক্ষক পরিবর্তন করা যাবে, তবে সেই বদলি খেলোয়াড়কেও প্রাথমিক তালিকায় থাকতে হবে।

 

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচের অন্তত পাঁচ দিন আগে আয়োজক দেশে পৌঁছাতে হবে।

 

প্রতিটি দলে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ থাকায় এবারের বিশ্বকাপে মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলার অংশ নিতে পারেন। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় খেলোয়াড়সমৃদ্ধ আসর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031