সিলেট |
প্রকাশিত: 5:27 PM, May 19, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
পর্তুগালের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ভিতিনহা জানিয়েছেন, অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো দলকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন। তার নেতৃত্ব ও পেশাদারিত্বকে সামনে রেখে ২০২৬ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে পর্তুগাল শিবির।
ভিতিনহা জানান, রোনালদোর মতো একজন কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি প্রতিদিন রোনালদোর কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন এবং তার কঠোর পরিশ্রম ও পেশাদার মানসিকতা দলকে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, ‘তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তার সঙ্গে খেলতে পারা, তার কাছ থেকে শেখা এবং তার পেশাদারিত্ব প্রত্যক্ষ করা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা চাই, তার সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জিততে।’
রোনালদোর প্রস্তুতি ও মানসিকতা সম্পর্কে ভিতিনহা জানান, তিনি সবসময় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামেন এবং দলের জন্য নিজেকে শতভাগ উজাড় করে দেন।
পর্তুগাল দলকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও পথটা সহজ নয় বলেও উল্লেখ করেন ভিতিনহা। তার মতে, এখনই বড় স্বপ্ন নিয়ে ভাবার সময় নয়; বরং ধাপে ধাপে এগোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জেতা। কিন্তু এখনই ফাইনাল বা ট্রফি নিয়ে ভাবার সময় নয়। আগে গ্রুপ পর্বে ভালো করতে হবে। তারপর ধীরে ধীরে সামনে এগোতে হবে।’