বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক ::

 

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর চার দিন আগেই ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম দিনের টিকিটের ব্যাপক চাহিদার পর দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষের পথে।

২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠেয় এই টেস্টের মাধ্যমে পুরুষদের টেস্ট আয়োজনকারী অস্ট্রেলিয়ার ১২তম ভেন্যু হতে যাচ্ছে ম্যাকাই। এর আগে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ঐতিহাসিকভাবে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবারের উদ্বোধনী দিনের সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই সঙ্গে ওই দিনের করপোরেট আতিথেয়তার টিকিটও শেষ। পরবর্তী দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে, তবে দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষ হয়ে এসেছে।

আগস্ট মাসে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে টেস্ট আয়োজনের সিদ্ধান্ত কতটা কার্যকর, টিকিটের এই চাহিদা তারও একটি প্রাথমিক পরীক্ষা। অস্ট্রেলিয়ার প্রচলিত টেস্ট মৌসুমের বাইরে এবার আগস্টে উত্তরাঞ্চলে টেস্ট আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ২২ বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরেছে। আর ম্যাকাই এবার প্রথমবারের মতো টেস্ট আয়োজন করতে যাচ্ছে।

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘উত্তর অস্ট্রেলিয়ার দুই টেস্ট ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, টিকিট বিক্রিতে তার প্রতিফলন দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে ম্যাচের প্রথম বল মাঠে গড়ানোর আগেই ম্যাকাইতে টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়া দারুণ ব্যাপার।’

 

তিনি আরও বলেন, ‘২২ বছর পর ডারউইনে প্রথম টেস্ট এবং ম্যাকাইতেও প্রথমবারের মতো টেস্ট আয়োজনকে ঘিরে যে উৎসাহ ও সমর্থন দেখা যাচ্ছে, তা অসাধারণ। শুধু উত্তরাঞ্চল ও কুইন্সল্যান্ড নয়, পুরো অস্ট্রেলিয়া এবং বিদেশ থেকেও এই সিরিজের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।’

 

ম্যাকাই টেস্টের প্রতিদিনের খেলা স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেট অনুষ্ঠিত হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই হবে এই মাঠে প্রথম পুরুষদের টেস্ট।

 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ আন্তর্জাতিক মৌসুমের দীর্ঘ ব্যস্ত সূচি শুরু হচ্ছে। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচও রয়েছে। এরপর আগামী মার্চে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031