সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই দল একটি পরিবারের মতো এবং ফল যাই হোক না কেন, তারা এমন এক ইতিহাস গড়েছে, যা কখনো মুছে ফেলা যাবে না।
শিরোপাধারী আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও ম্যাচে আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখেন মেসি। দুটি গোলে সহায়তা করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিয়ে একটি দলীয় ছবি প্রকাশ করেন মেসি।
সেখানে তিনি লেখেন, ‘এই দীর্ঘ পথচলায় সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপা নয়, বরং পুরো যাত্রাটাই।’
তিনি সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেসি আরও লেখেন, ‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছে ফেলতে পারবে না।’
সবশেষে তিনি লেখেন, ‘চলো আর্জেন্টিনা।’
রোববারের ফাইনাল মেসির সামনে আরেকটি বড় সুযোগও এনে দিয়েছে। এই ম্যাচে গোল করতে পারলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পুনরুদ্ধার করতে পারবেন তিনি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করে মেসিকে ছাড়িয়ে গেছেন। চলতি বিশ্বকাপে ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।
চলতি বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে ব্যাপক আলোচনা থাকলেও তিনি এখনই সে বিষয়ে কিছু বলতে চান না।
মেসি বলেন, ‘এক বছর ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি এবং অনুশীলন করেছি। আমি জানতাম, সেরা অবস্থায় থাকতে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। এটি আমার শেষ বিশ্বকাপ কি না, তা নিয়ে আমি কথা বলতে চাই না।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের অনুভূতি নিয়ে মেসি বলেন, এই জয় আর্জেন্টিনার মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
তিনি বলেন, ‘আমরা বিশেষ এক অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। জাতীয় সংগীত বাজানোর মুহূর্ত থেকেই সেটি উপলব্ধি করেছি।’
মেসির ভাষায়, ‘ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ওঠার অর্থ আর্জেন্টিনার সমর্থকদের কাছে অনেক বড়। তাই তারা এই জয় অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।’
এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা।