সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
ক্রিড়া প্রতিবেদকঃঃ
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আটলান্টার বিপক্ষে হারের পর অনেকটাই বিধ্বস্ত মোহামেদ সালাহর লিভারপুল।আর সেই সুযোগটি কাজে লাগিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।ইংলিশ প্রিমিয়ার লিগে স্থানীয় সময় শনিবার দুপুরে ব্রাইটনের কাছে হোঁচট খেল লিভারপুল।যদিও ম্যাচের প্রায় পুরোটা সময় ১ গোলে এগিয়ে ছিল লিভারপুল। শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
অবশ্য লিভারপুলের পক্ষে ৩ গোল লেখা হতে পারত।মোহামেদ সালাহ ও সাদিও মানে দুটি গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোল দুটি বাতিল করে দেন রেফারি।ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম সুযোগ হাতছাড়া করেন মোহামেদ সালাহ। মধ্যমাঠ থেকে ফাবিনিয়োর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাইরে শট নেন তিনি।
১১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ব্রাইটনের অ্যারন কনোলি। কাউন্টার অ্যাটাক থেকে লিভারপুলের গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি এই আইরিশ ফরোয়ার্ড।২০তম মিনিটে সুবর্ণ সুযোগ মিস করে ব্রাইটন। ডি-বক্সে কনোলিকে লিভারপুলের ডিফেন্ডার নেকো উইলিয়ামস ফাউল করলে পেনাল্টি পায় ব্রাইটন।
সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি নিয়াল মাউপে। ৩৫তম মিনিটে সালাহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি লিভারপুল। বিরতির আগে জোতার শট ফেরান গোলরক্ষক। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের ৬০ মিনিটের মাথায় দিয়েগো জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল।সালাহর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিচু শটে ব্রাইটনের জালে বল জড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড।
৮৪তম মিনিটে গোল পেয়েছিলেন সালাহর বদলি নামা সাদিও মানে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।তবু ১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে ভিএআরের সৌজন্যে পেনাল্টি পায় ব্রাইটন। যে পেনাল্টি নিয়ে এখনও বিতর্ক চলছে। ড্যানি ওয়েলবেককে অ্যান্ড্রু রবার্টসন ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে সেটি কোনো ফাউল ছিল না বলে দাবি লিভারপুলের।
বিতর্কিত সেই পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রস। পেনাল্টির পর পরই রেফারির শেষ বাঁশি বাজে।ফলে ১-১ স্কোরলাইনে অর্থাৎ ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।সব প্রতিযোগিতা মিলে দলটির বিপক্ষে টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। এই ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে শিরোপাধারীরা।
১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে ব্রাইটন।