ক্রিড়া প্রতিবেদকঃঃ
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার আন্দোলনের স্মরণে প্রতিবছর এই দিনে নারী দিবস পালন করা হয়। নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি সর্বস্তরে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী দিবসের সূচনা হয়েছিল।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিনটি বিশেষভাবে পালন করা হয়।
তবে শুধু নারী দিবসেই নয়, প্রতিদিনই নারীকে সম্মান জানানোর আহ্বান জানালেন বাংলাদেশের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। একই বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার ফাহিমা খাতুন ও মোহামেডানের নারী পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন।
মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলক)
এই সময়ে আমরা মেয়েরা অনেক স্বাধীন। আমরা এখন চাইলেই নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। আমাদের পরিবারও আমাদের ইচ্ছাগুলোর প্রাধান্য দিচ্ছে। আমরা মেয়েরা বিভিন্ন বিভাগে ভালো ফল আনছি, উচ্চপর্যায়ে কাজ করছি। তবে মাঝে মধ্যে যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে এসব ঘটনার জন্য আমি বলব, কিছু ভুল আমাদেরও আছে, কিছু ভুল আমাদের পরিবারের আছে, আর যারা করছে তাদেরও আছেই।
এখন স্বাধীনতার চেয়ে, দেখতে হবে আমরা কতটা নিরাপদ। রাস্তায় বের হলে একটা মেয়ে কতটা নিরাপদ সেটা আগে দেখা উচিত এবং সেটা আমারদেরই তৈরি করতে হবে। এ জন্য সবার মানসিকতার পরিবর্তন আনা উচিত।
একজন নারীর স্বাধীনতা শুরু হয় তাঁর পরিবার থেকে। আমি যেটা মনে করি, যে আমাদের সমাজে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু পরিবারের সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ এখনও মেয়েদের বাইরে বলেন, জব করা বা খেলাধুলা করা এসব অনেকে এখনও নিতে পারে না। তো এখানে পরিবারের সমর্থন থাকলে মেয়েদের চলার পথটা মসৃণ হবে। মেয়েদের চলার পথের শুরুটা একটু কঠিন হতে পারে। কিন্তু, সাফল্য এলে সবাই শ্রদ্ধা করবে। আমার কথাই বলি—আমি এখন অনেক ফ্রি। সবাই শ্রদ্ধা করে। বাড়িতে গেলে সবাই সম্মান জানায়। এলাকার সবাই এখন আমাকে নিয়ে গর্ব করে। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানায়।
একটা মেয়েকে স্বাধীন হতে অবশ্যই তাঁকে আগে শিক্ষিত হতে হবে। আমিও খেলার পাশাপাশি লেখাপড়া করেছি। কাজের পাশাপাশি উচিত পড়াশোনা চালিয়ে যাওয়া। সব মেয়েকে বলব, যেকোনো ভালো জায়গায় যেতে হলে অবশ্যই ভালো শিক্ষা লাগবে। পড়াশোনা তার ভালো জায়গায় যাওয়ার পথ খুলে দেবে। তাকে লড়াই করার শক্তি দেবে। আর আলাদা কোনো ট্যালেন্ট থাকলে অবশ্যই উচিত সেটাকে কাজে লাগানো। প্রতিবন্ধকতা আসবেই, সেগুলো পার করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যার ট্যালেন্ট আছে তাদের উচিত সেই ট্যালেন্টকে প্রাধান্য দেওয়াতে হবে। নিজের স্কিলকে তাঁর কাজে লাগাতে হবে। তাহলেই মেয়েরা পারবে নিজেদের স্বপ্ন পূরণ করতে। আর সবার উচিত নারীদের সম্মান করা।
