সিলেট |
প্রকাশিত: 1:45 PM, October 17, 2021
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বড় মঞ্চে বড় চ্যালেঞ্জ, প্রস্তুত বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজেদের প্রমাণ করা হয়নি ঠিক সেভাবে। গা থেকে ঝরে গেছে আন্ডারডগের তকমা। ওমান আর আরব আমিরাতে এবার বাঘেদের গর্জে ওঠার পালা। রোববারই শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যখন কানে ভাসে, এই দুঃখ-গাঁথা ফিরে ফিরে আসে। ভারতের কাছে সেই শেষ বলের হার আজন্ম আক্ষেপ হয়ে আছে বাংলার ক্রিকেটে। না পাওয়ার সে দুঃখগুলোই এখন বাংলার শক্তি। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে যাওয়া দলটার পরিচয় বদলে গেছে, ওরা এখন সমানতালে লড়ে যতে পারে। টাইগাররাই এখন বাকীদের ভয়ের কারণ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে ঘুরে ফিরে আসছে দুঃসহ স্মৃতি। মাত্র একবার স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া টাইগাররা সেবার হেরেছিল ৩৪ রানে। রিচি বেরিংটনের সেই ঝড়ো সেঞ্চুরি এবারও ভাবনার কারণ হয়ে উঠতে পারে টাইগারদের জন্য। সময়টা ২০১২ সাল। দারুণ এক লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশকে। ক্রিকেট বিশ্বে খুব একটা পরিচিত নয় এমন স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে হেরে বসে টাইগাররা। বর্তমান বাংলাদেশের অনেকের সেই স্মৃতি মনে না থাকলেও মনে থাকবে সাকিব, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের। কেননা সেই একাদশে যে ছিলেন এই তিনজনই। বাংলাদেশ সেদিন স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে না বলে এক রিচি বেরিংটনের কাছে হেরেছে বললেই যুৎসই হয়। ৫৮ বলে ১০০ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তাতেই হয়তো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশ।
সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান এসেছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করা তামিম অবশ্য নেই এবারের বিশ্বকাপে। সেই বেরিংটন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আছে স্কটল্যান্ডের স্কোয়াডে। সবশেষ ৫ ম্যাচের দিকে তাকালে বাংলাদেশের জন্য তাকে বড় হুমকি হিসেবেই দেখতে হবে। ২০২১ সালে যথাক্রমে ৮২, ৪২, ৪৪, ৪১ ও ৬১ রানের ইনিংস খেলেছেন বেরিংটন। এছাড়াও দারুণ ছন্দে থাকা হেনরি মুনসিও হতে পারেন বাংলাদেশের হুমকি। টি টোয়েন্টি ভালো ছন্দে আছেন এই স্কটিশ ব্যাটার। শুধু ব্যক্তিগতভাবে নয় দলগতভাবেও দারুণ ছন্দে আছে স্কটল্যান্ড। সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় দলটির। দেড়শ ঊর্ধ্ব ম্যাচ আছে দুটি, একটিতেও ছাড়িয়ে গেছে দুশোকেও। অন্যদিক, সবশেষ দুই সিরিজে দারুণ ছন্দে থাকলেও প্রস্তুতি ম্যাচগুলো সুখকর হয়নি বাংলাদেশের।
তাইতো স্কটল্যান্ডের বিপক্ষেও পরীক্ষায় পড়তে হতে পারে টাইগারদের। তবে জয় দিয়েই আসর শুরু করতে আত্মবিশ্বাসী টাইগাররা। এবারের আসরে সেই ভয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কেননা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জেতার পাহাড়সম আত্মবিশ্বাস নিয়েই ওমান আর আরব আমিরাত ঘুরে বেড়াচ্ছে টিম টাইগার্স। এই সাথে ওরা আর তলানিতে পরে নেই, র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন নাম্বার সিক্স। বাংলার মিশন শুরু রোববার। প্রথম বাধা স্কটল্যান্ড, একদিন পরপর বাকী দুটি স্বাগতিক ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপরই ১২ দলের মূল লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সুখের গল্পটা কম বাংলাদেশের। প্রথম আসর ২০০৭, খেলেছিলো সুপার এইটে। পরের তিনটা আসর গেছে একটা ম্যাচও না জিতে। তার পরের দুই আসরে দুটি করে ম্যাচ জিতেছে অর্থাৎ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোট ছয় আসরে ১৯ হারের বিপরীতে মাত্র পাঁচটা জয় আছে বাংলাদেশের। রাতের আধার কাটিয়ে টাইগাররা এখন সোনালী প্রভাতে। দারুণ ব্যালেন্সড একটা দল নিয়ে নতুন কাব্য লিখতে চায় সাফল্যের আঁচড়ে।