ক্রীড়া প্রতিবেদকঃঃ
আবারও বল হাতে দুর্ধর্ষ হয়ে উঠেছেন তাইজুল ইসলাম। তার হাত ধরেই প্রথম সেশনে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। ২৫তম ওভারে আবিদ আলীকে বোল্ড করে দিয়েছেন তাইজুল। ৮১ বলে ৬ চারে ৩৯ রান করে ফিরেন আবিদ। ৭০ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে নতুন বলে শুরু করেন এবাদত হোসেন।
পঞ্চম বলটি থার্ডম্যান দিয়ে সীমানাছাড়া করে রানের খাতা খোলেন আবিদ আলী। অন্যাপ্রান্ত থেকে বোলিং করা খালেদ আহমেদ মেডেন ওভার দিয়ে শুরু করেন। সকাল থেকেই মেঘলা আকাশ। বেশ ঠাণ্ডাও আছে। সূর্য ওঠার কোনো লক্ষণ নেইঢাকা টেস্ট শুরুর ৩৫ মিনিটের মাঝেই আকাশ আরও মেঘলা হয়ে যায়। আলো কমে আসে।
তাই সকালবেলাতেই মিরপুর শেরে বাংলায় জ্বলে ওঠে ফ্লাডলাইট। ১০ম ওভারেই সাকিবকে দিয়ে শুরু হয় স্পিন আক্রমণ। ১৬তম ওভারে আসাদ শফিকের বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন হয়। আম্পায়ার নাকচ করলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে সেটা ব্যর্থ হয়। বোলার ছিলেন সাকিব।
প্রথম সাফল্যের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছে সোয়া ঘণ্টার মতো। ইনিংসের ১৯তম ওভারে আব্দুল্লাহ শফিককে বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ৫০ বলে ২ চার ১ ছক্কায় শফিকের সংগ্রহ ২৫ রান। এর সাথেই ভাঙে পাকিস্তানের ৫৯ রানের ওপেনিং জুটি। উইকেটে আসেন আজহার আলী। তাইজুলের ফিরতি ওভারে আজহারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন আম্পায়ার নাকচ করলে ফের রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রা এজে সামান্য স্পাইক দেখা গেলেও অনেকক্ষণ পর আম্পায়ার কল হিসেবে রিভিউ খারিজ করেন তৃতীয় আম্পায়ার।
ঢাকা টেস্টে চোট কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল হাসান জয়ের। সাদমান ইসলামের সঙ্গে তাকেই ওপেনিংয়ে দেখা যাবে। প্রায় আড়াই বছর পর দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। সাইফের পাশাপাশি বাদ পড়েছেন আবু জায়েদ এবং চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ইয়াসির আলী।
তবে টেস্ট স্কোয়াডে থাকলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় একাদশে নেই তাসকিন আহমেদ।অন্যদিকে চট্টগ্রাম টেস্টের একাদশ নিয়েই নেমেছে পাকিস্তান। উল্লেখ্য, চট্টগ্রামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নুমান আলী, হাসান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।