সিলেট |
প্রকাশিত: 2:34 PM, February 5, 2022
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে মাঠে ধূমপান করে বিতর্কের জন্ম দিলেন আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদ। শুক্রবার মিরপুরের মাঠে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে, যে ঘটনা অবাক করেছে সবাইকে। অবশ্য শেহজাদের এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সতর্ক করেছে। শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও কুমিল্লার।
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। দীর্ঘ অপেক্ষার পর কিছু সময়ের জন্য বৃষ্টি থামার পর মাঠে আসেন খেলোয়াড়রা। তখন বেরিয়ে আসেন শেহজাদও। মাঠে নেমে তিনি কথা বলতে থাকেন তার স্বদেশী দুই আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি ও করিম জানাতের সঙ্গে। সেই সময়ে কথা বলার পর পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে তা ফুঁকতে থাকেন শেহজাদ, যা ধরা পড়ে ক্যামেরায়।
তা ছাড়া তার ঢাকার সতীর্থরাও বিষয়টি খেয়াল করেন। ক্রিকেট বা যে কোনো মাঠে ধূমপান করা নিষিদ্ধ এবং এটি শিষ্টাচার বহির্ভুত। কিন্তু শেহজাদের মতো একজন তারকা ক্রিকেটার এমন অখেলোয়াড়সূলভ আচরণ করে বসেন। শেহজাদের এমন কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি ক্ষিপ্ত হয়েছে বিপিএলের আয়োজক বিসিবি।