সৌদিতে আটক অবস্থায় ২৪ জন নারী প্রবাসী গৃহকর্মী উদ্ধার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

সৌদিতে আটক অবস্থায় ২৪ জন নারী প্রবাসী গৃহকর্মী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কিমি দূরত্বে অবস্থিত আরআর শহরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি প্রবাসী নারী গৃহকর্মীকে আটক অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ রিয়াদ দূতাবাস সূত্রে জানা যায় একটি সৌদি রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটক রেখেছে এই তথ্যের ভিত্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) তাদের দ্রুত উদ্ধার করতে এবং বাংলাদেশে প্রেরণ করার জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন।

 

 

এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাগণ সরেজমিনে ঘটনাস্থলে যান। আরও জানা যায় যে, সৌদি রিক্রটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশী রিক্রটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজ এর মাধ্যমে উক্ত ২৪ জন নারী কর্মীদেরকে সৌদি আরবে এনে সৌদি নিয়োগ কর্তাদের বাসায় কাজে প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন আটক রাখেন। এবং পরিবারের সাথে তাদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোন চিকিৎসা সেবা প্রদান করেননি ।

 

 

দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সাথে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি তাদেরকে বাধা প্রদান করেন। অপরদিকে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উক্ত ২৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযুক্ত সৌদি রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে প্রেরণের সকল কার্যক্রম চলমান রয়েছে ।

Spread the love