সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
সাফ জেতার পর ছয় মাস পার হয়েছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টও খেলা হয়নি সাবিনাদের। সিঙ্গাপুর দল ঢাকায় আসার কথা বলে আসেনি। অর্থনৈতিক সংকট দেখিয়ে মিয়ানমারেও তাদের পাঠানো হয়নি অলিম্পিক গেমস বাছাইয়ে। তবে সাবিনাদের মিয়ানমারে না পাঠালেও সদ্য সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া রুমা আক্তারদের পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।
সেখানে ২৬ থেকে ৩০ এপ্রিল হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব। বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে ইউরোপের দেশ রাশিয়া শিরোপা জিতে ট্রফি নিয়ে ঘরে ফিরে গেছে। সাত পয়েন্ট নিয়ে রানার্সআপ স্বাগতিক বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষে তিন দিনের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে রুমা আক্তার বাহিনীর অনুশীলন। কোচ গোলাম রব্বানী জানান, ‘সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর মেয়েদের তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছিল।
সেই বিশ্রাম শেষে শনিবার থেকে ফের শুরু হবে তাদের প্রস্তুতি। আমাদের ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ দলের ২৫ জন ফুটবলার রয়েছে। তাদের নিয়েই পুরোদমে শুরু হবে সিঙ্গাপুর মিশনের প্রস্তুতি।’ এদিকে সিঙ্গাপুরের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ ও অলিম্পিক বাছাই টুর্নামেন্টে খেলা হাতছাড়া হওয়ার পর সাবিনাদের নিয়ে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলাতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পরের ফিফা উইন্ডোতে সাবিনা খাতুনদের ম্যাচ খেলানোর বিষয়ে আপ্রাণ চেষ্টা করছেন কর্মকর্তারা।