তামিমের অস্ত্রোপচার লাগতে পারে

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

তামিমের অস্ত্রোপচার লাগতে পারে

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আফগানিস্তান সিরিজের মাঝখানে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভাঙেন। তবে সেই সিরিজে আর না খেলে দেড় মাস ছুটিতে যান। বিশ্রামের এই সময়টাতে পিঠের চিকিৎসা করানোর কথা রয়েছে দেশ সেরা ওপেনারের। তামিম অনেকদিন ধরেই এই ইনজুরির জন্য বেশ অস্বস্তিতে আছেন। যেখানে এ সপ্তাহেই ইংল্যান্ডে চিকিৎসক দেখানোর কথা তামিমের। এরপর তামিমকে করাতে হতে পারে অস্ত্রোপচার।

 

 

এক বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। জানা যায়, এ সপ্তাহেই নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের করণীয় ঠিক করবেন তিনি। বাঁহাতি তারকার চিকিৎসা মূলত তিনটি উপায়ে করা হতে পারে বলে বলা হয়, ইনজেকশন, পুনর্বাসন বা অস্ত্রোপচার। এ নিয়ে বিসিবির ওই কর্তা বলেন, ‘তামিমের এমন অবস্থায় অস্ত্রোপাচার একটা অপশন। কিন্তু এটা হবে সর্বশেষ চিকিৎসা।

 

 

যদি অস্ত্রোপচার করেই, তাহলে তাকে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে।’ এদিকে আগামী মাসের শেষদিকে শ্রীলংকা ও পাকিস্তানে বসবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দুটি হবে ওয়ানডে ফরম্যাটে, যেখানে এখনও অধিনায়ক তামিমই। বিসিবির জন্য তাই বড় চিন্তা তার ইনজুরি। তামিম অবশ্য শুরুতে ইনজকেশন দিয়ে ব্যথা কমানোর দিকেই হাঁটবেন বলে জানা গেছে। যদিও সবকিছুই নির্ভর করছে ইংল্যান্ডের ডাক্তারদের পরামর্শের ওপর।

Spread the love