সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে ২ মৌসুম কাটিয়ে এবার যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। পিএসজিতে মেসি ‘ভালো সময় কাটাননি’ উল্লেখ করে তার দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা বলেছেন, ‘ইন্টার মায়ামিতে যোগ দিয়ে হাসি ফিরে পেয়েছেন মেসি।’ পিএসজির হয়ে দুই মৌসুমে ২টি লিগ ওয়ানের শিরোপা জিতেছেন মেসি।
তবে জিততে পারেননি পিএসজি ভক্তদের মন। এমনকি মেসিকে বেশ কয়েকবার মাঠেই দুয়ো দিয়েছে ক্লাবটির সমর্থকরা। বর্তমানে আমেরিকায় দাপট দেখিয়ে চলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। ৩ ম্যাচে এরই মধ্যে ৫ গোল করে দলে রাখতে শুরু করেছেন বড় প্রভাব। বার্সেলোনায় একসঙ্গে ৯ বছর খেলেছেন আলবা এবং মেসি। বর্তমানে ইন্টার মায়ামিতে আবার পুনর্মিলন হয়েছে তাদের। সাংবাদিকদের কাছে মেসিকে নিয়ে বর্ণনা দিতে গিয়ে স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, ‘তিনি এখানে (মায়ামি) সমর্থন, ভালবাসা পাচ্ছেন এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পিএসজিতে তার সময় ভালো ছিল না কিন্তু সে তার আনন্দ ফিরে পেয়েছে।’ মায়ামির সঙ্গে প্রাথমিকভাবে আড়াই বছরের চুক্তি করেছেন মেসি। তাকে যুক্তরাষ্ট্রে আনার কারিগর ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। নিজ দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে বড় ভূমিকা ছিল অধিনায়ক মেসির। মায়ামিতেও সেই সাফল্যের ধারা মেসি বজায় রাখতে চান বলে জানিয়েছেন আলবা।
স্প্যানিশ এই লেফটব্যাক বলেন, ‘লিও এমন একজন মানুষ, যিনি শুধু চান। তিনি বিশ্বকাপ জিতেছেন। কিন্তু তিনি একইভাবে (খেলা) চালিয়ে যেতে চান। তিনি তার চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য যুদ্ধ করে যাবেন, সবকিছু জেতার চেষ্টা করবেন এবং আমরা তাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি।’