সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
পিএসজি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার ডাকাতির শিকার হতে যাচ্ছিলেন। তবে ভাগ্য ভালো থাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজন দুষ্কৃতকারীকে আটক করেছে প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। খবর লা পারিসিয়ানের। জানা যায়, পুলিশ পিএসজির এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারের বাসার আশপাশে নজরদারি দল বসিয়েছিল।
এই তারকার কাছের লোকজনের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল, বাসার আশপাশে দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। যেখানে ঘটনার আগের দিন একটি ভক্সওয়াগন গলফ গাড়িতে দুজন লোকের সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনা হয় বলে জানিয়েছে আরেক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি গতকাল মাঝরাতের দিকে পুলিশ একটি গাড়ি থামিয়ে দুজনকে আটক করে। সেই গাড়ি থেকে পুলিশ দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। সেখান থেকে একটু দূরে আরেকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। পুলিশ সেই গাড়ি থেকেও পাঁচজনকে আটক করেছে। আর দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়িও উদ্ধার করা হয়েছে সেই গাড়ি থেকে। এ নিয়ে সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ জানিয়েছে, দ্রুতই তাদের আদালতে বিচারের সম্মুখীন করা হবে।
আটক করা সাতজনের মধ্যে একজন বাদে বাকি সবাইকে চেনে সেন্ট ক্লাউডের পুলিশ। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। প্যারিসে প্রেমিকা সেথানি তাইং ও সন্তান নিয়ে বসবাস করেন ড্রাক্সলার। এর আগে পিএসজির আরও কয়েকজন খেলোয়াড় চুরি-ডাকাতির শিকার হয়েছেন। থিয়াগো সিলভা, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, প্রেসনেল কিম্পেম্বে, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের বাসায় চুরি হয়েছে। গত জুলাইয়ে একই ঘটনার শিকার হন দোন্নারুম্মা।