সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের মিশ্র অভিজ্ঞতা হয়েছে। আসামের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে দারুণ জয়ের পর হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি পর্ব শেষে এবার ধর্মশালায় পৌঁছেছে টাইগাররা। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব। ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানটি ৪ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। অন্য সবার মতো যোগ দেবেন সাকিবও। এই অনুষ্ঠান শেষে ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার দলনেতা।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে গুয়াহাটিতে এখনও রয়েছে আফগানিস্তান। সেখানে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।