সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্কের প্রতিচ্ছবি। তাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দলীয় কর্মকাণ্ডও অনেক সময় বিতর্ক তৈরি করে। তবে এই দলটিরই ভালো দিকের প্রশংসা করেছেন ম্যাথিউ হেইডেন। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ব্যাটারের মতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব রয়েছে।
হেইডেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী এই ওপেনার পাকিস্তানের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর পরের বিশ্বকাপে পরামর্শক হিসেবে ছিলেন। পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় শৃঙ্খলার জন্য পাকিস্তান জাতীয় দলের প্রশংসা করেন হেইডেন।
বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে ধারাভাষ্য দেন হেইডেন। রমিজ রাজা তার কাছে জানতে চান, পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ৫১ বছর বয়সী হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি তারা খুব মনোযোগী, যেটা এই দলের ভিত্তিমূল।
পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা।’ হেইডেন এরপর যোগ করেন, ‘প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদন এবং ধারাবাহিকতা—(খেলোয়াড়দের) সংস্কৃতিতে এগুলোর প্রতিনিধিত্ব করে ইসলাম।’ গতকাল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৪ রানে হেরেছে পাকিস্তান। এ নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচেই হারল বাবর আজমের দল।