বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা উচিত: রাশিদ লতিফ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা উচিত: রাশিদ লতিফ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানেরও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার বিষয়ে ভাবা উচিত। এমনটিই বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ।

 

ইউটিউব চ্যানেল কটবিহাইন্ডশোতে তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারত যদি না খেলতে আসে, বিশ্বকাপের ৫০ শতাংশ অংশ শেষ হয়ে যাবে। এটা বিদ্যমান ক্রিকেট ব্যবস্থার চ্যালেঞ্জ করার একটি সুবর্ণ সুযোগ। পাকিস্তানকে বলতে হবে, আমরা বাংলাদেশকে সমর্থন করি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব না। এটা দাঁড়ানোর সময়। সাহসী মন দরকার।’

 

 

লতিফ আইসিসির নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এটা ভালো সিদ্ধান্তের মতো মনে হচ্ছে না। আজ আইসিসি বলছে, বাংলাদেশি খেলোয়াড়দের জন্য ভারতে কোনো ঝুঁকি নেই। পৃথিবীর কোনো সংস্থা এটা বলতে পারবে না-তাহলে আইসিসি কীভাবে বলতে পারে? সবচেয়ে সুরক্ষিত জায়গাতেও কেউ এমন গ্যারান্টি দিতে পারে না। আশা করি কোনো সমস্যা হবে না।’

 

তিনি রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করেন, ‘এটা রাজনৈতিক পদক্ষেপ-আমিত শাহ থেকে জয় শাহ পর্যন্ত। পাকিস্তানের হাতে এখনও ট্রাম্প কার্ড আছে। বাংলাদেশর অবস্থান সঠিক। পাকিস্তান এর চেয়ে ভালো সুযোগ পাবে না।’

 

 

লতিফ বলেছেন, পাকিস্তানকে কেবল বিবৃতি দিয়ে থেমে না থেকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে। ‘পাকিস্তান না খেললে বিশ্বকাপ থেমে যাবে। পাকিস্তানই মূল কৌশল। হ্যাঁ, ভবিষ্যতে পাকিস্তান ক্ষতির মুখোমুখি হতে পারে। আইসিসি ইভেন্টে অংশ না নিলে শাস্তিও হতে পারে। কিন্তু শুধু কথা দিয়ে কোনো লাভ নেই-এখন দেখানোর সময় কার পাশে আমরা।’

 

 

তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন, ‘যদি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিশ্বাস থাকে, এটি সম্ভব। দেখব বাংলাদেশ আইসিসির আল্টিমেটামে কী সিদ্ধান্ত নেয়।’

 

 

সাবধানও করেছেন লতিফ। তিনি বলেন, ‘যদি তারা নতি মানে এবং বিশ্বকাপে খেলে, পাকিস্তান ও বাংলাদেশ দুই পক্ষই সর্বত্র সমালোচনার মুখোমুখি হবে।’

Spread the love