সম্পর্ক উন্নয়নে ভারতকে বিসিবির চিঠি

প্রকাশিত: 9:05 PM, April 3, 2026

সম্পর্ক উন্নয়নে ভারতকে বিসিবির চিঠি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্রিকেট কূটনীতিতে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাননি লিটন দাসরা। বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও তৈরি হয়েছিল নানা নাটকীয়তা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কেও কিছুটা ছেদ পড়তে দেখা যায়।

 

তবে পরিস্থিতি সামলে এখন সম্পর্ক উন্নয়নে কাজ করছে দুই দেশ। এ বিষয়ে ভারতকে একটি চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি স্বীকার করেছেন।

 

এ প্রসঙ্গে কালবেলাকে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সামনে সিরিজ আছে, সেসব নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ তবে নির্দিষ্ট কোনো সিরিজ নিয়ে কথা হয়নি বলেও জানান তিনি। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন আমরা সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।’

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ভারতের পক্ষ থেকে ২০২৫ সালের সেই সিরিজটি তখন অনুরোধ করে স্থগিত করা হয়েছিল। স্বাভাবিক নিয়মে সেটি এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা, আর সে আশাই করছে বিসিবিও। বোর্ডের বাৎসরিক সূচিতেও সিরিজটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর পর ভারত শেষ পর্যন্ত বাংলাদেশে আসবে কি না—এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। সে কারণেই বিসিবির পক্ষ থেকে এখন থেকেই সম্পর্ক উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী ক্রিকেটসহ সামনে বেশ কয়েকটি টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজকত্ব থাকায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031