সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছে ব্রাজিল। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তিনি শুরু থেকেই খেলবেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে বিশ্বকাপে সুযোগ পেলেও পায়ের পেশিতে চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাকে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। গত সপ্তাহজুড়ে সে অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য তৈরি। তার প্রত্যাবর্তনে আমরা খুবই আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, ‘চোট থেকে দ্রুত ফিরে আসার জন্য নেইমার অত্যন্ত পেশাদার মনোভাব নিয়ে কাজ করেছে। মাঠে না খেললেও সে তরুণ ফুটবলারদের দিকনির্দেশনা দিচ্ছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
নেইমার কতক্ষণ খেলতে পারবেন এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে আনচেলত্তি বলেন, ‘সে ৯০ মিনিট খেলতে পারবে, তবে হেঁটে হেঁটে। আসলে সে ভালো অবস্থায় আছে এবং অনুশীলনেও দারুণ করেছে।’
গ্রুপপর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে হারাতে পারলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।