ব্রাজিল-জাপান ম্যাচে বিতর্কিত অতীতের রেফারি মারিয়ানি

প্রকাশিত: 6:50 PM, June 29, 2026

ব্রাজিল-জাপান ম্যাচে বিতর্কিত অতীতের রেফারি মারিয়ানি

স্পোর্টস ডেস্ক ::

 

বিশ্বকাপের নকআউট পর্বে আজ ব্রাজিল ও জাপানের মহাগুরুত্বপূর্ণ লড়াই। মাঠের লড়াই ঘিরে যেমন উত্তেজনা, তেমনি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিকে নিয়েও তৈরি হয়েছে বাড়তি আলোচনা। ফিফা এই ম্যাচের জন্য দায়িত্ব দিয়েছে ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানিকে।

বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপানের এই হাইভোল্টেজ ম্যাচ। মূল রেফারি মারিয়ানির সঙ্গে সহকারী হিসেবে থাকবেন তার দুই স্বদেশি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে ইতালি থেকে মাঠের মূল রেফারি হিসেবে প্রতিনিধিত্ব করছেন মারিয়ানিই। গ্রুপ পর্বে তিনি সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার নকআউট পর্বেও তার ওপর আস্থা রাখল ফিফা।

 

তবে মারিয়ানিকে ঘিরে বিতর্কও কম নয়। সিরি আ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া ফুটবলে বেশ কয়েকবার পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও আলোচনায় আসে। ২০২১ সালে ইন্টার মিলান ও য়্যুভেন্তাসের ম্যাচেও শেষ মুহূর্তের পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ইন্টার ফুটবলাররা।এমন অতীত থাকলেও বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মারিয়ানির। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলানোর দক্ষতার কারণেই হয়তো নকআউটের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে তাকে দায়িত্ব দিয়েছে ফিফা। তবে ব্রাজিল-জাপানের মতো টানটান উত্তেজনার ম্যাচে তার প্রতিটি সিদ্ধান্তই থাকবে নজরে।

 

ব্রাজিলের জন্য ম্যাচটি শুধু শেষ ষোলো পেরোনোর লড়াই নয়, হেক্সা মিশনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে জাপানও নিজেদের গতিময় ফুটবল দিয়ে অঘটনের স্বপ্ন দেখছে। তাই মাঠের ফুটবলের পাশাপাশি রেফারির সিদ্ধান্তও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031