সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবের আকাশে রবিবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস।
খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, দেশটির চাঁদ দেখা কমিটি খালি চোখে আকাশে রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। রবিবারই দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।
করোনা সংক্রমণ পরিস্থিতিতেও এবারের রমজান পালন করবেন বিশ্বের মুসল্লিরা। গত বছর রমজানে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তখন করোনা সংক্রমণ রোধে পুরো দেশের মসজিদে নিয়মিত জামাত ও তারাবিহ বন্ধ রাখা হয়। তবে দুই পবিত্র নগর মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি দেওয়া হয়।
রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঢোকার অনুমতি ছিল না সাধারণ মুসল্লিদের।তবে গত বছর রমজানের শুরুতে লকডাউন কিছুটা শিথিল করা হয়। রোজার প্রস্তুতিতে লোকজন স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো অতি প্রয়োজনীয় জিনিস কিনতে ঘর থেকে বের হতে পারে এ জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিথিল ছিল লকডাউন।