সিলেট |
প্রকাশিত: 6:52 PM, July 18, 2023
আন্তর্জাতিক ডেস্কঃঃ
দক্ষিণ আফ্রিকায় মো. বেলাল হোসেন (৪৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে বেলকন শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেলালের শ্যালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. বেলাল হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা।
মো. শাহজাহান জানান, গত রোববার রাতে দোকানের কাজ শেষ করে দোকানের পেছনে ঘুমাতে যান বেলাল। ভোরে সেখান থেকে এক বাংলাদেশি ফোন করে বেলালের মৃত্যুর খবর জানান। স্থানীয় এলাকাবাসীরা বলেছেন বেলাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বেলালের দোকানে একজন আফ্রিকান কর্মচারী কাজ করত।
মো. শাহজাহান আরও জানান, সকালে দোকানের আশপাশের লোকজন বেলালের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ এখনো সেই হাসপাতালে রয়েছে।
বেলালের বড় ভাই মো.মোস্তফা জানান, তার ছোট ভাই বেলাল হোসেন ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন। সেখানে তাদের আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন রয়েছেন। সেদেশে যাওয়ার পর কিছুদিন চাকরি করেন। তারপর নিজেই মুদি ও মনিহারি দোকান শুরু করেন। বাড়িতে তার স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রয়েছে। তিনি নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন। টাকা পয়সা পাঠাতেন। তার মৃত্যুর খবর জানার পর বাড়িতে চলছে শোকের মাতম।