এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল

ক্রীড়া প্রতিবেদকঃঃ

এবার করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শুধু নাজমুল একা নন, তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

 

গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। বুধবার করোনা পরীক্ষা করার পর আজ শনিবার দুপুরে তার করোনা ধরা পড়ে। বিষয়টি নাজমুল ইসলাম অপু নিজেই নিশ্চিত করেছেন।

 

এর আগে আশিকুর রহমান, সজিব দাস, নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ মাশরাফি বিন মোর্ত্তজার পর নাজমুলের করোনা আক্রান্তের বিষয়টি জানা গেল।করোনায় আক্রান্ত নাজমুল এখন নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়নগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন তিনি।

 

করোনার সময় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনা দুর্গতদের সাহায্য করেছেন নাজমুল। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

 

গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন তিনি। সেখান থেকে আসার পরই নাকি নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। নাজমুল বলেন, ‘সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। এরপর বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরে পজিটিভ এসেছে।’

Spread the love